Anjuman Ridwan Rahman Technical Institute

দেশের জনসংখ্যাকে জন সম্পদে রুপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব অপরিসীম।দেশের শিক্ষার সংস্কার ও নীতির সাথে সমতা রেখে দারিদ্র বিমোচন, এতিম, দুঃস্থ এবং অসহায় ও সুবিধা বঞ্চিতদের আত্মকর্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ২০০৪ সালে আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি কারিগরি শিক্ষা প্রকল্প হাতে নেয়। প্রকল্পের মাধ্যমে ১৭ জানুয়ারি, ২০০৪-এ ঢাকার গেন্ডারিয়াস্থ ৪৪, রজনী চৌধুরী রোডে বালক এতিম খানার নীচ তলায় আঞ্জুমান মুফিদুল ইসলাম টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও আঞ্জুমান মুফিদুল ইসলাম পরিচালিত। প্রাথমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৩টি ট্রেডে (যেমন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে) ২০০৪ সালে ৩২ জন শিক্ষার্থী নিয়ে  আঞ্জুমান মুফিদুল ইসলাম টেকনিক্যাল ইন্সটিটিউট  শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনপ্রাপ্ত হয়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নামে আর একটি ট্রেড চালু করা হয়। বর্তমানে মাধ্যমিক স্তরের এসএসসি (ভোকেশনাল) ২০২৫ শিক্ষাবর্ষে ৪টি ট্রেডে নবম ও দশম শ্রেণির একই শিক্ষাক্রমে ১৯৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০২৫ সনে এসএসসি (ভোকেশনাল) বোর্ড পরীক্ষায় ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ৯৭ জন পাশ করেছে।

জাপানের নাগোয়া ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে উচ্চতর ডিগ্রী প্রাপ্ত চর্মরোগ বিশেষজ্ঞ ডা: লুৎফুন নাহার কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে আঞ্জুমান মুফিদুল ইসলাম-কে গোপীবাগে পাঁচ তলা ভবনসহ ৩.৫২ শতাংশ জমি দান করেছেন। ডা. লুৎফুন নাহার এর পিতা মরহুম শেহাব উল্লাহ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আঞ্জুমান মুফিদুল ইসলাম উক্ত ভবনে গেন্ডারিয়া হতে আঞ্জুমান মুফিদুল ইসলাম টেকনিক্যাল ইন্সটিটিউট স্থানান্তর করে বর্তমানে কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। দাতার ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দাতার জ্যেষ্ঠ পুত্র মরহুম রিদওয়ান রহমান এর নাম অনুসারে ইন্সটিটিউট-এর নামকরণ “আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইন্সটিটিউট” করা হয়েছে। 
আঞ্জুমান মুফিদুল ইসলাম টেকনিক্যাল ইন্সটিটিউট (বর্তমান নাম: আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইন্সটিটিউট)-এর প্রায় দুই যুগের কাছাকাছি ২২ বছরের পথ চলা। আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা যিনি সর্বাগ্রে অনুধাবন করেছিলেন তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় আধুনিক আঞ্জুমান মুফিদুল ইসলাম এর রূপকার, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সাবেক সভাপতি মরহুম এ. বি. এম. জি.  কিবরিয়া। আঞ্জুমান মুফিদুল ইসলাম এর কারিগরি শিক্ষা প্রকল্প মূখ্যত তারই স্বপ্নের ফসল। আর তার স্বপ্নের বাস্তব রূপ দানে যারা সারথীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা হলেন প্রাক্তন হাইকমিশনার জনাব এম আর ওসমানী বর্তমানে আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর সভাপতি, জনাব মোহাম্মদ আজিম বখ্শ, ট্রাস্টি ও সহ-সভাপতি এবং মিডিয়া, প্রকাশনা ও শাখা সংক্রান্ত এবং কোঅর্ডিনেশন কমিটির মাননীয় চেয়ারম্যান, আঞ্জুমান মুফিদুল ইসলাম ও জনাব প্রফেসর মো. খলিলুর রহমান, ট্রাস্টি ও সহ-সভাপতি এবং মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটির মাননীয় চেয়ারম্যান, আঞ্জুমান মুফিদুল ইসলাম।

শিক্ষা কমিটির মাননীয় চেয়ারম্যানগণ ও সম্মানিত সদস্যদের প্রচেষ্টাই মূলত: আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমের বর্তমান বহি:প্রকাশ। আঞ্জুমান মুফিদুল ইসলাম এর মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটির বর্তমান চেয়ারম্যান, নায়েম এর সাবেক ডিজি জনাব প্রফেসর মো. খলিলুর রহমান এর নিরলস পরিশ্রম ও সার্বক্ষনিক তত্ত্বাবধান আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমকে উত্তরোত্তর  প্রসারিত ও সাফল্য মন্ডিত করে তুলছে।

সর্বোপরি শিক্ষা কমিটির সদস্যবৃন্দ সুবিবেচিত চিন্তা ও পরিকল্পনায় এ সকল কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং কেন্দ্রীয় দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিশেষ করে সম্মানিত বর্তমান ও পূর্বতন নির্বাহী পরিচালকগণ সার্বক্ষণিক সহায়তা প্রদান করেছেন এবং করে যাচ্ছেন। স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ তথ্যপত্র প্রকাশকালে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে পূর্ববর্তী কমিটিসমূহের সম্মানিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের গঠনমূলক ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

 

 

Mission Vision

To Top ↑